ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদল নেতার বিরুদ্ধে।
সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করেন সেন্টু। এরপর থেকে তিনি নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে বাধা দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী দাবি করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। এছাড়া অভিযুক্ত ফোন করে মামলা না করতে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় রাজনৈতিক নেতা জানান, বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কৃষকদলের ফেনী জেলা সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








