Home আন্তর্জাতিক চুক্তি ভেঙে বৈরুতে হামলা চালাল ইসরায়েল

চুক্তি ভেঙে বৈরুতে হামলা চালাল ইসরায়েল

গত মাসে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর বুধবার (৬ মে) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ফলে ওই অঞ্চলে চলমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নতুন করে হুমকির মুখে পড়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী ওই কমান্ডার নিহত হয়েছেন, তবে হিজবুল্লাহ বা লেবানন সেনাবাহিনী এখনো এটি নিশ্চিত করেনি।

আরও পড়তে পারেন-

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা চললেও উচ্চপর্যায়ের কোনো বৈঠকের সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি জানান, লেবানন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিক নয়, বরং টেকসই শান্তি চায়। তাদের প্রধান দাবি হলো ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে সরকার।

অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরিবেশ তৈরি হবে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে চলতি বছরই একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আশা প্রকাশ করেছিলেন। কিন্তু বৈরুতে এই নতুন হামলা সেই আশার ওপর কালো ছায়া ফেলেছে। হিজবুল্লাহ শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধিতা করে আসছে, যা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন তৈরি করেছে।

ইসরায়েল দাবি করছে, উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে তারা লেবাননের অভ্যন্তরে ১০ কিলোমিটার এলাকা জুড়ে একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে। তবে বৈরুতের প্রাণকেন্দ্রে হামলা চলায় এই সংঘাত পুনরায় বড় আকারের যুদ্ধে রূপ নেয় কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র :রয়টার্স

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।