বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা চলবে।
শুক্রবার (৫ জুন) উখিয়ার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে তিনি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের সম্মান, নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবেন।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিকেল ৩টার দিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার শরণার্থী শিবিরে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
পরিদর্শনকালে হাকান ফিদান উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল ঘুরে দেখেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।
পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টদের কাছ থেকে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেন।
সূত্র/- বাসস
উম্মাহ২৪ডটকম:আইএএ








