কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত জেলা সদর কিংবা কোনো উপজেলায় আওয়ামী লীগের ব্যানারে সভা, সমাবেশ, মিছিল বা অন্য কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে মাঠে কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে সেনাসদস্যের সংখ্যা জানানো না হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “কোথাও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
উম্মাহ২৪ডটকম: এমএ








