Home জাতীয় জুলাইয়ে পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে চট্টগ্রাম বন্দরের সৌদি টার্মিনাল

জুলাইয়ে পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে চট্টগ্রাম বন্দরের সৌদি টার্মিনাল

সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) আগামী জুলাই মাস থেকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সম্প্রতি চারটি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত সম্পন্ন হয়েছে।

আরএসজিটির বাংলাদেশ শাখার বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান সৈয়দ আরিফ সারওয়ার জানান, গত দুই বছর ধরে টার্মিনালে প্রাথমিক কার্যক্রম চলছিল। নতুন ক্রেনগুলো চালু হলে কন্টেইনার ওঠানামার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।

চীনের স্যানি কোম্পানির তৈরি এসব বৈদ্যুতিক গ্যান্ট্রি ক্রেন একসঙ্গে দুটি কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম, যা বাংলাদেশের কোনো বন্দরে প্রথম। এছাড়া ক্রেনগুলো পরিচালনায় জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হবে না, ফলে কার্বন নিঃসরণও কমবে।

বর্তমানে পতেঙ্গা টার্মিনালে বছরে প্রায় ১ লাখ ৫৫ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় চলতি বছর এই সক্ষমতা ৪ লাখ টিইইউএসে উন্নীত হবে, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার কার্যক্রমের প্রায় ১২ শতাংশ। আগামী বছর এটি ৫ লাখ টিইইউএস ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়তে পারেন-

আরএসজিটি বাংলাদেশের কোনো বন্দরে কার্যক্রম পরিচালনাকারী প্রথম বিদেশি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছরের চুক্তির আওতায় তারা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির দাবি, টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তারা এখন পর্যন্ত ১৭ কোটি ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে প্রায় ৫০০ স্থায়ী এবং ৮০০ চুক্তিভিত্তিক বাংলাদেশি কর্মী সেখানে কাজ করছেন। দক্ষ জনবল গড়ে তুলতে দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।