সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের পর দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, কিছু ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির অনুমোদন থাকা সত্ত্বেও নানা উপায়ে গ্রাহকদের এ খাতে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ অনুযায়ী ব্যাংকগুলোকে দায়িত্বশীলভাবে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নির্দেশনায় আরও বলা হয়েছে, শাখা পর্যায়ে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিএমডি পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় সঞ্চয়পত্র বিক্রিসহ সংশ্লিষ্ট সব সেবা যথাযথভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








