Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা, অবরুদ্ধ অর্থ দিয়ে মার্কিন পণ্য কিনবে না ইরান: গালিবাফ

যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা, অবরুদ্ধ অর্থ দিয়ে মার্কিন পণ্য কিনবে না ইরান: গালিবাফ

যুক্তরাষ্ট্রের দাবিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। ওয়াশিংটন দাবি করেছিল, ইরানের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়া তহবিল বা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনা হবে। তবে তেহরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অর্থ দিয়ে কোনো মার্কিন পণ্য কেনা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গালিবাফ যুক্তরাষ্ট্রের এমন দাবি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি লেখেন, “আমেরিকা মিথ্যা দাবি করছে যে আমাদের অবমুক্ত হওয়া অর্থ দিয়ে তাদের কৃষিপণ্য কেনা হবে। বেশ মজার বিষয়।”

আরও পড়তে পারেন-

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরী আচরণের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমরা (ইরান) কেবল একটি ফসলেরই চাষ করছি, যা আপনারা বহু বছর ধরে বুনে এসেছেন—আর তা হলো ‘দশকের পর দশক ধরে চলা পারস্পরিক অবিশ্বাস’। এই ফসলটি শতভাগ অর্গানিক, প্রচুর পরিমাণে উৎপাদিত এবং সম্পূর্ণ আমাদের নিজেদের ঘরের তৈরি। কিন্তু দৃশ্যত দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র কেবল জিএমও (জেনেটিক্যালি মডিফাইড) সয়াবিন, ভাঙা প্রতিশ্রুতি আর আজেবাজে কথা বা ফাঁকা বুলিই রপ্তানি করতে জানে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গালিবাফের এই কড়া মন্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা এবং অবিশ্বাস আরও এক ধাপ বাড়ল। ইরানের অবরুদ্ধ অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হলেও তা আমেরিকার অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করবে না—গালিবাফের এই মন্তব্য থেকে তা এখন পরিষ্কার।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।