Home অন্যান্য খবর নবীর জন্ম নয়, জীবনী আলোচনাই প্রকৃত শিক্ষা: ‘রাসূলের সৈনিক যুব পরিষদ‘-এর সীরাত...

নবীর জন্ম নয়, জীবনী আলোচনাই প্রকৃত শিক্ষা: ‘রাসূলের সৈনিক যুব পরিষদ‘-এর সীরাত মাহফিলে আল্লামা ওলীপুরী

প্রখ্যাত আলেমে-দ্বীন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, “মিলাদুন্নবি মানে নবীর জন্ম, আর সীরাতুন নবী মানে তাঁর জীবনী। নবীর জন্ম এক দিনের ঘটনা, কিন্তু নবীর সীরাত তাঁর পূর্ণ ৬৩ বছরের জীবনব্যাপী শিক্ষা।”

তিনি বলেন, নবীর জন্ম কোনো পালনীয় বিষয় নয়, বরং তা আলোচনার বিষয়। নবীর জন্ম উদযাপন করা উম্মতের পক্ষে সম্ভব নয়— কারণ, নবীর জন্ম অলৌকিক ঘটনাবহুল, যা সাধারণ মানুষের পক্ষে অনুকরণ করা সম্ভব নয়।

মাওলানা ওলীপুরী বলেন, “নবী করিম (সা.) খতনাকৃত ও নাভিকাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, জন্মের পরই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন— যা অন্য কোনো শিশুর ক্ষেত্রে সম্ভব নয়। এমনকি দুধ মাতার দুধ পানেও তিনি ইনসাফ রক্ষা করেছেন, যা শিশু বয়সেই তাঁর চরিত্রের মহান দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “চার বছর বয়সে নবীর বক্ষবিদারণের ঘটনা ঘটেছিল জিবরাইল (আ.)-এর মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে অনন্য। এসব বিষয় পালনের নয়, বরং চিন্তা ও শিক্ষাগ্রহণের।”

সোমবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী কর্তৃক প্রতিষ্ঠিত “রাসূলের সৈনিক যুব পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও সীরাত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জামিয়া নূরে মাদিনা মাদরাসার পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মকছুদ আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ হাসান।

আরও পড়তে পারেন-

সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী এবং চট্টগ্রাম বাতুয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইকবাল হোসেন আল মামুন ও মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরী।

সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নবী করিম (সা.)-এর জীবনভিত্তিক গ্রন্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

পরিষদের শূরা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাফর উল্লাহ নিজামী, মাওলানা হাফেজ শোয়াইব, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মুফতি আরিফুল হক, মাওলানা আবদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হাই আল আজাদ ও মাওলানা মফিজ উল্লাহ প্রমুখ।

সবশেষে সভাপতির দোয়া ও মুনাজাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।