Home রাজনীতি নুরুল হক নুরের বিস্ফোরক মন্তব্য: ‘ফ্যামিলি চালাতে হিমশিম খাওয়া নেতাদের নামে টিভি...

নুরুল হক নুরের বিস্ফোরক মন্তব্য: ‘ফ্যামিলি চালাতে হিমশিম খাওয়া নেতাদের নামে টিভি চ্যানেলের লাইসেন্স!’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।”

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নুর।

‘ছোট পত্রিকার কর্মী, মেইনস্ট্রিম মিডিয়ায় কেউ নয়’

নুরুল হক নুর আরও বলেন, “আমি একটি দলের প্রধান কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, আজও সেখানেই আছি। তারা আমার অনেক সহকর্মী ছিলেন—ছোট একটি পত্রিকায় চাকরি করেন, তাও ভালো বেতন পান না। মেইনস্ট্রিম মিডিয়ায় কেউই কাজ করেন না। কোত্থেকে কীভাবে অনুমোদন পেলেন, তা আমি জানি না। এটা সত্যিই অবাক করার মতো।”

আরও পড়তে পারেন-

তার মতে, এই ঘটনাই সরকারের কর্মকাণ্ডে “অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাবের প্রতিফলন।”

‘দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতা’

নুর আরও বলেন, “ওয়ান ইলেভেনের সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুতে যেভাবে অ্যাকশন নিয়েছিল, এখনকার সরকার থেকে আমরা তেমন কিছুই দেখিনি। বরং দেখা যাচ্ছে পুরনো ধাঁচের ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, লোক বসানো আর প্রতিষ্ঠান দখল।”

তিনি অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে। আমরা এই সরকারের কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। যারা এখন ক্ষমতায় আছেন, তাদের এই দায় নিতে হবে।”

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।