আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ মাসে সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্নের অগ্রগতি তুলে ধরেন। জানা গেছে, নির্বাচনে ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজার নৌসদস্য এবং কিছুসংখ্যক বিমানবাহিনীর সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনেও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।
উম্মাহ২৪ডটকম: আইএএ








