Home অন্যান্য খবর তিন দিনের বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান

তিন দিনের বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান

আজ রোববার বনানীস্থ নৌবাহিনী সদর দফতরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফরকারী পাকিস্তান নৌবাহিনীর প্রধান।

পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ রোববার বনানীস্থ নৌবাহিনী সদর দফতরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে তিনি নৌবাহিনী সদর দফতরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ পর্বে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স অ্যাটাশে ও নৌবাহিনী সদর দফতরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন-

এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরকালে বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

একই সময় পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে আসে। জাহাজের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যরা চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন। এতে উভয় দেশের নৌ সদস্যরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভ করবে।

উল্লেখ্য, সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান ও পাকিস্তান নৌবাহিনী জাহাজ আগামী ১২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।