Home অন্যান্য খবর দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ৮ সহস্রাধিক শিক্ষার্থীর সমাপনী পরীক্ষা শুরু

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ৮ সহস্রাধিক শিক্ষার্থীর সমাপনী পরীক্ষা শুরু

বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান—উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষের বার্ষিক সমাপনী পরীক্ষা আজ (১৭ জানুয়ারি) শনিবার সকাল ৯টা থেকে যথানিয়মে শুরু হয়েছে।

নির্ধারিত সময় সকাল ৯টায় ঘণ্টাধ্বনি বাজার পর জামিয়ার শায়খুল হাদিস ও সদরুল মুদাররেসীন হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)-এর কাছ থেকে পরীক্ষকগণ প্রশ্নপত্র গ্রহণ করেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কার্যক্রম সূচিত হয়।

বার্ষিক পরীক্ষা সম্পর্কে জামিয়ার শিক্ষাসচিব ও মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (হাফি.) জানান, দাওরায়ে হাদিস (আরবি মাস্টার্স) শ্রেণির হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ ছাড়া জামিয়ার সাধারণ বিভাগসহ বিভিন্ন উচ্চতর বিভাগ মিলিয়ে প্রায় আট সহস্রাধিক শিক্ষার্থী এবারের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামিয়ার সুবিশাল শিক্ষাভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় পৃথক পৃথক পরীক্ষা হল নির্ধারণ করা হয়েছে। আসন বিন্যাস এমনভাবে করা হয়েছে যে, প্রত্যেক পরীক্ষার্থীর ডানে-বামে এবং সামনে-পেছনে ভিন্ন জামাতের শিক্ষার্থী অবস্থান করছে—যাতে কোনো প্রকার অসদুপায় অবলম্বনের সুযোগ না থাকে। প্রতিটি হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক নিয়োজিত রয়েছেন এবং তারা পুরো সময় কঠোর নজরদারি বজায় রাখছেন।

আরও পড়তে পারেন-

তৃতীয় তলার দারুল মিশকাত মিলনায়তনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বোর্ড পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখানে বোর্ড নির্ধারিত পরীক্ষকগণের তত্ত্বাবধানে পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শনে দেখা যায়—বিশাল কক্ষজুড়ে পিনপতন নীরবতায় শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষার খাতায় লিখছেন। পরীক্ষকগণকে সার্বক্ষণিক দায়িত্বশীল টহল দিতে দেখা গেছে। প্রতিটি হলের প্রধানগণও পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হলে উপস্থিত থেকে নিবিড় তদারকি করেছেন। পুরো পরিবেশে এক অনন্য শৃঙ্খলা ও গাম্ভীর্যের আবহ বিরাজ করছিল।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে হাইআতুল উলইয়ার পরীক্ষার্থীসহ প্রায় দশ হাজার তালিবুল ইলম এ জামিয়ায় দ্বীনি ইলম অর্জনে অধ্যয়নরত রয়েছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।