হামের টিকাদান ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ এনে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছে, যা তদন্তের দাবি রাখে।
নোটিশে বলা হয়, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
এতে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নোটিশে বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








