নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা কারী লোকমান (রহ.)-এর মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বোর্ডের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন।
রবিবার (২৬ এপ্রিল) প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা কারী লোকমান (রহ.) একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলেমে-দ্বীন, ইলমে নববীর নিবেদিত সেবক এবং দীনের একনিষ্ঠ দাঈ ছিলেন। নূরানী মাদ্রাসা শিক্ষার প্রসার, মানোন্নয়ন ও তালীমি কার্যক্রমে তিনি আন্তরিক নিষ্ঠা ও দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বোর্ডের প্রশিক্ষণ ও পরিদর্শন কার্যক্রমে তাঁর অবদান ছিল স্মরণীয় ও অনুসরণীয়। বোর্ডের যে কোন দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতেন। তাঁর উজ্জ্বল ভূমিকা আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে মরহুম মাওলানা লোকমাত দাওয়াতী ও সামাজিক কার্যক্রমের সাথেও সম্পৃক্ত ছিলেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও বলেন, ইলমে-দ্বীন ও কুরআনের খেদমতে নিয়োজিত অবস্থায় তাঁর এ দুনিয়া থেকে বিদায় নেওয়া নিঃসন্দেহে এক মু’মিনের জন্য সৌভাগ্যের বিষয়। তাঁর ইন্তিকালে বোর্ড সংশ্লিষ্ট সকল পর্যায়ে এবং হাটহাজারীবাসীর মনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তা‘আলার দরবারে তাঁর জান্নাতে উচ্চ মাক্বাম প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলের জন্য সবরে জামিল কামনা করেন।
উল্লেখ্য, মাওলানা কারী লোকমান (রহ.) ৩৬ বছর বয়সে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় হাটহাজারী চৌধুরীহাট এলাকার জাফর কমিশনারের নতুন বাড়ির প্রাঙ্গণে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ







