Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে ৫২টি স্কুল ও ৫টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে ৫২টি স্কুল ও ৫টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে বহু বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। দেশটির লোরিস্তান প্রদেশে অন্তত ৫২টি স্কুল ও ৫টি চিকিৎসা কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার লোরিস্তান প্রদেশের গভর্নরের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গভর্নর জানান, প্রদেশটির ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো হামলায় দুই হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তিনি আরও জানান, হামলায় ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং ইরানের রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়তে পারেন-

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চলমান সংঘাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের দিকেও নজর দিচ্ছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ইতোমধ্যে ১২তম দিনে গড়িয়েছে। তেহরানের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে দেশজুড়ে প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১ হাজার ৩০০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।