মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে রয়া নিউজ জানায়, রোববার (১২ এপ্রিল) এক ফোনালাপে তিনি এ বার্তা দেন।
ক্রেমলিনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, পুতিন চলমান সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে রাশিয়ার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে মস্কোকে ‘সম্ভাব্য মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্তর্জাতিক উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে রাশিয়া নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।
এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর পরপরই দুই দেশের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে।
মেহের নিউজ এজেন্সির তথ্যানুযায়ী, রোববার সকাল ৯টার কিছু পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে তিনি ইসলামাবাদ ত্যাগ করেন।
দীর্ঘ আলোচনার পর সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, “আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর।” তিনি দাবি করেন, তেহরান ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র/- রয়া নিউজ, বিবিসি, মেহের নিউজ
উম্মাহ২৪ডটকম: এমএ








