ইরানের সঙ্গে ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দ্রুত ব্যবস্থা নেবে মার্কিন বাহিনী।
তিনি দাবি করেন, এমন একটি পরিস্থিতি তৈরি করা হবে যেখানে সবাই অবাধে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে। তবে তার অভিযোগ, বর্তমানে ইরান তা হতে দিচ্ছে না।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ট্রাম্প আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে শনাক্ত করে থামাতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, যারা এ ধরনের অর্থ পরিশোধ করবে, তাদের জন্য গভীর সমুদ্রে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর স্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উম্মাহ২৪ডটকম: এমএ








